টাইগারময় ফেসবুক

১৮ জুন, ২০১৯ ১৩:২৪  
চলছে ক্রিকেট বিশ্বকাপ। বিশ্বকাপের ৫ম ম্যাচে ওয়েষ্ট ইন্ডিজ এর বিপক্ষে সোমবার (১৭ জুন) মাঠে নামে বাংলাদেশ দল। প্রথমে ব্যাট করে ওয়েষ্ট ইন্ডিজ রানের পাহাড় গড়ে। ৮ উইকেটে ৫০ ওভারে ওয়েষ্ট ইন্ডিজ করে ৩২২ রান। এত রান তাড়া করে বাংলাদেশ কখনো জেতেনি। সে বিশ্বকাপে হোক কিংবা ও ওয়ানডেতে। সবার মনে তখন একটাই প্রশ্ন বাংলাদেশ কি পারবে এই রান তাড়া করতে? সাকিব আল হাসান আর লিটন দাস দুর্দান্ত দুই ইনিংস খেলে সেই সংশয় দূর করে মিলিয়ে দিয়েছেন সব প্রশ্নের উত্তর। ৭ উইকেট হাতে রাখেই জয়লাভ করেছে বাংলাদেশ। এই জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে সকল শ্রেণীর মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অভিনন্দনের বার্তায় ভেসে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশের যারা ফেসবুক ব্যবহার করেন, ফেসবুকে প্রবেশ করা মাত্রই তারা সেটি টের পেয়ে যাবেন। কারণ, বাংলাদেশের প্রায় সব ফেসবুক ব্যবহারকারীর স্ট্যাটাসের প্রধান বিষয় ক্রিকেট আর বাংলাদেশের জয়। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার উচ্ছ্বাস জানিয়ে ফেসবুকে লিখেছেন, ‘জয় বাংলা। মাত্র সাত উইকেটে জয়।’ আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বাংলাদেশ দলের ছবিসহ ফেসবুকে বাংলাদেশ দলকে অভিনন্দন জানান। ওয়েষ্ট ইন্ডিজের ম্যাচের জয়ের নায়ক সাকিব আল হাসান তার ফেসবুকে লিখেছেন, ‘উইন্ডিজদের বিরুদ্ধে দুর্দান্ত এক জয় তুলে নিয়ে নিজেদের সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখলো টাইগার বাহিনী।’ ফেসবুকে ভাইরাল হয়েছে সাকিবের স্ত্রী শিশিরের কান্না। সাকিবের সেঞ্চুরির মুহূর্তে কাঁদলেন তার প্রিয়তম স্ত্রী শিশির। ক্যামেরায় ধরা পড়ে সাকিবপত্নীর এই আবেগভরা মুহূর্তটি। অনেকেই খেলার নানা সময়ের ছবি ফেসবুকে পোস্ট করেছেন। খেলোয়াড়দের সঙ্গে তোলা নতুন পুরনো অনেক ছবি নতুন করে ভাসছে ফেসবুকে।